অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার ২ কিশোর টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে
কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ২ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হয়েছে। অপর ২ আসামিকে পাঠানো হয়েছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে ২ কিশোরকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রটির তত্ত্বাবধায়ক মো. এমরান খান।
শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, ওই ২ কিশোরের বয়স ১৫ ও ১৬ বছর। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালতের নির্দেশে কারাগারের পরিবর্তে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
এর আগে অপ্রতিম হত্যা মামলায় প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিনসহ (১৯) ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে সন্দেহভাজন আসামি হিসেবে মো. সিয়ামকেও (১৯) গ্রেফতার করে পুলিশ। ৪ আসামিকে আদালতে হাজির করা হলে তাদের বয়স বিবেচনায় ২ কিশোরকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে এবং অপর ২ জনকে কুমিল্লা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
// ইমরান//
