শেখ হাসিনার জন্মদিনে খাবার বিতরণ, চট্টগ্রামে আটক ৭
চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খাবার ও কেক বিতরণের সময় নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন শীতলঝর্ণা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন গণমাধ্যমকে বলেন, "ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খাবার ও কেক বিতরণের সময় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"
আটক সাতজনের মধ্যে তিনজন নারী ও দুজন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। তারা হলেন—নুরুল হাকিম রাব্বি (২৫), আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন আক্তার লিমা (২৭), মোহাম্মদ সানি (১৭) ও হাবিবুর রহমান (১৯)।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। আসিফ মাহমুদ ও মোহাম্মদ সানির বয়স ১৬ ও ১৭ বছর হওয়ায় তাদের ‘আইনের সহিত সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
//রুশা//
