সরকারি হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী
‘আমাকে প্রধানমন্ত্রী পাঠিয়েছেন’
কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতি। সরেজমিনে ঘুরে দেখলেন রোগীদের অবস্থা, জানলেন চিকিৎসাসেবার সংকট। এরপরই এলো বড় ঘোষণা—চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করা হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমাকে প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, আমি খালি হাতে আসিনি।’
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে আকস্মিকভাবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজ নেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পটিয়ার প্রায় ৭ লাখ মানুষের পাশাপাশি বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলীর আরও প্রায় ৪ লাখ মানুষ এই হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নেন। বহির্বিভাগে প্রতিদিন এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন এবং ১০০ থেকে ১৫০ জন রোগী ভর্তি হন।
এই চাপ সামাল দিতে আগামী ১৫ দিনের মধ্যে হাসপাতালটিকে ১৫১ শয্যায় উন্নীত করার টেন্ডার কার্যক্রম শুরু হবে বলে জানান মন্ত্রী।
পরে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটিকে একটি মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভর্তি রোগীদের রক্ত পরীক্ষা হাসপাতাল থেকেই করার ব্যবস্থা, প্রয়োজনীয় ওষুধ-স্যালাইন সরবরাহ এবং খাবারের মান উন্নত করার নির্দেশনাও দেন তিনি।
পরিদর্শনকালে চিকিৎসকদের উপস্থিতি, বায়োমেডিক্যাল ব্যবস্থা, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ-স্যালাইন সরবরাহ পরিস্থিতিও খতিয়ে দেখেন মন্ত্রী।
//আরএস//
