টঙ্গীতে বস্তার ভেতর ১০-১২টি ককটেলসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
গাজীপুরের টঙ্গীতে বস্তার ভেতর একসঙ্গে মিললো ১০-১২টি ককটেলসদৃশ বস্তু। শনিবার সকালে গুটিয়ার আন্ধারুল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে এসব বস্তু দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ককটেলের মতো ১০-১২টি বস্তু দেখা গেছে। ধারণা করছি এগুলো ককটেল হবে। বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বস্তার ভেতর এসব বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার জন্য পুরো এলাকা ঘিরে রাখে।
ঘটনাস্থলে থাকা টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, “আমরা পুরো এলাকাটি ঘিরে রেখেছি। মানুষের জানমালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি।”
এখন বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বস্তুগুলো পরীক্ষা করবে। এরপর এগুলো আসলেই ককটেল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
//আরএস//
