লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার
রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়েছেন যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মি। রোববার সকালে শেখ সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকালে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেখ সাহেব বাজার এলাকায় শারমিন সুলতানা সর্মির অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে তথ্যের সত্যতা যাচাই করে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
//আরএস//
