মার্কেন্টাইল ব্যাংকের এএমডি হলেন আহমেদ শাহীন
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন আহমেদ শাহীন। রবিবার (৪ সেপ্টেম্বর) তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং খাতে ৩৩ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে আহমেদ শাহীনের।
১৯৯২ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে আন্তর্জাতিক ব্যাংকিং, করপোরেট রিলেশনশিপ ও স্ট্রাকচার্ড ফাইন্যান্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রাইম ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন আহমেদ শাহীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক আহমেদ শাহীন যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থেকে সার্টিফায়েড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) সনদ অর্জন করেছেন। তিনি ‘ফাইন্যান্স অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইউসিপি ৬০০ আইএফসি স্কিম’-এরও সনদপ্রাপ্ত।
এছাড়া তিনি আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তার অভিজ্ঞতা মার্কেন্টাইল ব্যাংকের প্রাতিষ্ঠানিক আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর ও ঝুঁকি ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ।
/শান্ত/
