ডিআরইউর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেবে নগদ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’-এর আয়োজন করছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। এবারের পুরস্কারের নাম দেওয়া হয়েছে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’।
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিআরইউর শফিকুল কবীর মিলনায়তনে সংবাদ সম্মেলনে যৌথভাবে এই ঘোষণা দেয় নগদ ও ডিআরইউ।
প্রিন্ট-অনলাইন এবং টেলিভিশন-রেডিও বিভাগে মোট ২৬টি ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। এর বাইরে সব গণমাধ্যমের জন্য উন্মুক্ত দুটি ক্যাটাগরিতে রাষ্ট্রপতির পক্ষ থেকে সেরা রিপোর্টের পুরস্কার দেওয়া হবে। জমা পড়া প্রতিবেদন যাচাই-বাছাই করে বছরের সেরা রিপোর্ট নির্বাচন করবেন দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক।
ডিআরইউ সদস্যদের ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন পুরস্কারের জন্য জমা দেওয়া যাবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, বছরের সেরা রিপোর্টের জন্য সাংবাদিকদের সম্মানিত করার এ আয়োজন দেশের সাংবাদিকতাকে এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া বলেন, সাংবাদিকরা সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি নিয়ম-নীতির বিষয়ে রাষ্ট্রের একটি চোখ হিসেবে কাজ করেন। ভালো সাংবাদিকতাকে উৎসাহিত করতেই এবারও নগদ এ পুরস্কারের সঙ্গে যুক্ত হয়েছে।
এর আগে ২০২১ ও ২০২৫ সালে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত ছিল নগদ। ২০২৬ সালে তৃতীয়বারের মতো এই আয়োজনের অংশীদার হয়েছে প্রতিষ্ঠানটি।
/শান্ত/
