নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা, আহত ২
নরসিংদীতে বাড়িতে ঢুকে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই সময় ধারালো অস্ত্রের আঘাতে আরও দু’জন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বিকালে শহরের চৌয়ালা মহল্লায় লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ চৌয়ালা এলাকার আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায় ফুচকা বিক্রেতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লাল ও হেলালের নেতৃত্বাধীন দু’টি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। শুক্রবার বিকালে আবু লাল গ্রুপের লোকজন একটি বাড়িতে ঢুকে হামলা চালায়। এই সময় আব্দুল্লাহ ওরফে বাবুকে গুলি করে তারা পালিয়ে যান। হামলায় বাবুর বড় ভাই রুবেল (৩০) ও অপর পক্ষের মিরাজ (২০) ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। গুলিবিদ্ধ আব্দুল্লাহকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
// ইমরান//
