স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া পারভীনের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ এই তথ্য জানান।
দুদক জানায়, অনুসন্ধানে মনিরুলের নামে স্থাবর-অস্থাবর মিলিয়ে ১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৪৯৫ টাকার সম্পদ পাওয়া যায়। এর সঙ্গে বিভিন্ন ব্যয় যোগ করে মোট সম্পদের পরিমাণ ধরা হয়েছে ২ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ৬২৩ টাকা। বিপরীতে তার গ্রহণযোগ্য আয় ২ কোটি ১ লাখ ৯১ হাজার ৯৮০ টাকা।
জাকিয়া পারভীনের নামে অনুসন্ধানে স্থাবর সম্পদ পাওয়া গেছে ১০ লাখ ২৮ হাজার ৫০০ টাকার এবং অস্থাবর সম্পদ ২৭ লাখ ৮০ হাজার টাকার। সব মিলিয়ে তার সম্পদের মূল্য ৩৮ লাখ ৮ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে ৯ লাখ ১৭ হাজার ৫০০ টাকা ব্যয় যোগ করে মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ লাখ ২৬ হাজার টাকা। বিপরীতে তার গ্রহণযোগ্য আয় ১২ লাখ ৮০ হাজার টাকা।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুজনের কাছ থেকেই পৃথক সম্পদ বিবরণী নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তাদের পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দিয়েছে কমিশন।
// ইমরান//
