সম্মিলিত ইসলামী ব্যাংক
২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত ২,৭০০ কোটি
সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ হাজার ২৪৫ কোটি টাকা উত্তোলন করেছেন গ্রাহকেরা। একই সময়ে ব্যাংকটিতে নতুন আমানত জমা পড়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা।সোমবার (২১ সেপ্টেম্বর) ব্যাংকটির পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট (পিআরডি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৭৯ হাজার ৬৮২ জন গ্রাহক ৬ হাজার ৯৭৫ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্য থেকে ৯০ হাজার ৯৮ জন গ্রাহক ৩ হাজার ২৪৫ কোটি টাকা উত্তোলন করেছেন।
এছাড়া এই ২০ দিনে ব্যাংকটিতে মোট ৩২ হাজার ৭৪টি নতুন ব্যাংক হিসাব খোলা হয়েছে। এসব নতুন হিসাবের মাধ্যমে ব্যাংকটিতে জমা হয়েছে ৩৭৮ কোটি টাকা।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক- এই ৫ ব্যাংক একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠিত হয়। এসব ব্যাংকের মোট শাখা ৭৬১টি।
গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট আমানতকারীদের অর্থ উত্তোলনসংক্রান্ত নির্দেশনা জারি করে। আবেদন শেষে ৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়।
// ইমরান//
