দুর্যোগসহনশীল আবাসনে ১০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
বাংলাদেশে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন নিশ্চিত করতে ১০০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী ঋণগ্রহীতাদের।
‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’-এর আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও যোগ্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘমেয়াদি, জামানতবিহীন ঋণ দেওয়া হবে। এসব ঋণ ঘর নির্মাণ, মেরামত ও উন্নয়নে ব্যবহার করতে পারবেন সুবিধাভোগীরা।
এডিবি জানিয়েছে, ২০৩১ সালের মধ্যে অন্তত ৪০ হাজার পরিবারকে এই প্রকল্পের আওতায় ঋণ দেওয়ার লক্ষ্য রয়েছে। এর মধ্যে অন্তত ৩২ হাজার নারী এবং প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসকারী ২৪ হাজার ঋণগ্রহীতা থাকবেন।
প্রকল্পে বন্যা, ঘূর্ণিঝড়, অতিরিক্ত তাপসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সক্ষম ঘরের নকশা ও নির্মাণে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি আবাসন অধিকার, ভূমি ও আর্থিক বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, নিরাপদ আবাসন মানুষের মর্যাদা, সুযোগ ও সহনশীলতার গুরুত্বপূর্ণ ভিত্তি। এই প্রকল্প দারিদ্র্য কমানো, সামাজিক সুরক্ষা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
১০০ মিলিয়ন ডলারের মধ্যে ৪০ মিলিয়ন ডলার এডিবির জলবায়ু অভিযোজন অর্থায়ন থেকে দেওয়া হবে। প্রকল্পে কারিগরি সহায়তার জন্য আরও ৬ লাখ ডলার অনুদান দেওয়া হবে।
/শান্ত/
