বাংলা কিউআর লেনদেনে মিলবে প্রণোদনা
বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে একুয়্যারিং ও ইস্যুয়িং প্রতিষ্ঠানকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২৭ সেপ্টেম্বর) পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এই সংক্রান্ত সার্কুলার জারি করে। নতুন নির্দেশনা অনুযায়ী, ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর লেনদেনে একুয়্যারিং প্রতিষ্ঠান ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০.২০ শতাংশ হারে প্রণোদনা পাবে।
দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) ও আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)–এর মাধ্যমে সম্পন্ন হওয়া ২ হাজার টাকা পর্যন্ত বাংলা কিউআরভিত্তিক লেনদেনে মাসিক ভিত্তিতে এই প্রণোদনা দেওয়া হবে।
এই সুবিধার আওতায় ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে নিবন্ধিত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা, সেবাদানকারী মার্চেন্ট পয়েন্টের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টও থাকবেন। ফলে আগের তুলনায় প্রণোদনার পরিধি বাড়ানো হয়েছে।
এর আগে ১০ আগস্টের নির্দেশনায় নির্দিষ্ট কিছু ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা ও সেবাদানকারী মার্চেন্ট পয়েন্টকে এ সুবিধার আওতায় রাখা হয়েছিলো। নতুন সার্কুলারে ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
/শান্ত/
