আঞ্চলিক লজিস্টিকস ও শিল্পের হাব হতে পারে বাংলাদেশ: জেট্রো
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) বাংলাদেশ প্রতিনিধি কাজুয়িকি কাতাওকা বলেছেন, ভৌগোলিক অবস্থান ও বিপুল জনসংখ্যার কারণে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে আঞ্চলিক লজিস্টিকস ও শিল্পের গুরুত্বপূর্ণ হাব হিসেবে বাংলাদেশের বড় সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশকে এ অঞ্চলের প্রবৃদ্ধির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনাকে জাপান গুরুত্বের সঙ্গে দেখছে। এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের অবকাঠামো ও শিল্প খাতে সহযোগিতা অব্যাহত রাখবে দেশটি।
কাতাওকা জানান, ঢাকা-চট্টগ্রাম-মাতারবাড়ী করিডরকে কেন্দ্র করে ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা বিগ-বি গড়ে তুলতে বাংলাদেশ ও জাপান একমত হয়েছে। মাতারবাড়ী উন্নয়ন প্রকল্প ও যমুনা রেলসেতুসহ জাপানের সহযোগিতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প ভবিষ্যতে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে।
তবে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হতে শুধু অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। সড়ক, রেল ও সমুদ্রবন্দরের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পণ্য ও মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নীতিগত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন কাতাওকা।
জাপানি বিনিয়োগ বাড়াতে ব্যবসাবান্ধব ও পূর্বানুমানযোগ্য পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি দূর করতে বিনিয়োগকারীদের জন্য কার্যকর ‘ওয়ান-স্টপ’ সেবা এবং কেস ম্যানেজমেন্ট ব্যবস্থা চালুর পরামর্শ দেন তিনি।
প্রশাসনিক সেবা ডিজিটাল করার ওপরও জোর দিয়ে কাতাওকা বলেন, অনলাইনে প্রক্রিয়া সম্পন্ন করা গেলে স্বচ্ছতা ও পূর্বানুমানযোগ্যতা বাড়বে এবং ব্যক্তিনির্ভর সিদ্ধান্তের সুযোগ কমবে।
তার মতে, দক্ষ অবকাঠামো, সহজ সীমান্ত যোগাযোগ ও সমন্বিত সরকারি সেবা নিশ্চিত করা গেলে বাংলাদেশ আঞ্চলিক সরবরাহব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে। এতে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।
/শান্ত/
