ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্য বাড়াতে বৈঠক প্যারিসে
ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ ও সম্প্রসারণের সুযোগ বাড়াতে ফ্রান্সের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা। প্যারিসে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশাধিকার সহজ করা, যৌথ বিনিয়োগ বাড়ানো এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সদর দপ্তরে ফ্রান্স সফররত এফবিসিসিআইয়ের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানো এবং বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকর ও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় ফ্রান্সের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রবেশের সুযোগ সম্প্রসারণ। এই ক্ষেত্রে ব্যাবসায়িক যোগাযোগ সহজ করা, সম্ভাব্য অংশীদারত্ব তৈরি এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সরাসরি সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা।
ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সহসভাপতি ফখরুল আকম সেলিম বলেন, ইউরোপে বাংলাদেশি ব্যবসায়ীদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে এফবিসিসিআইয়ের সরাসরি সমন্বয় বাড়ানো প্রয়োজন। এই ধরনের বৈঠক দুই পক্ষের মধ্যে ব্যাবসায়িক যোগাযোগ ও অংশীদারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এফবিসিসিআই প্রতিনিধিদলের প্রধান মো. আলমগীর ইউরোপের বিভিন্ন ব্যাবসায়িক জোটের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ তৈরিতে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের ভূমিকার প্রশংসা করেন।
// ইমরান//
