খাদ্যপণ্যের চড়া দামে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
দেশে মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশে, যা আগস্ট মাসে ছিলো ৮.২৬ শতাংশ। মূলত খাদ্যপণ্যের চড়া দামের কারণেই এই বৃদ্ধি।
বুধবার (৭ অক্টোবর) ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ও মজুরি হারের এই পরিসংখ্যান প্রকাশ করে বিবিএস। সংস্থাটি জানায়, সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে খাদ্য খাতের মূল্যস্ফীতি বেড়ে ৭.২২ শতাংশ হয়েছে, যা আগস্টে ছিলো ৭.০২ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৯.৩০ শতাংশে, যা আগের মাসে ছিলো ৯.৩২ শতাংশ।
পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, শহরের তুলনায় গ্রামীণ জনপদে মূল্যস্ফীতির হার কিছুটা বেশি ছিলো। সেপ্টেম্বরে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৩৮ শতাংশ এবং শহরে এই হার দাঁড়িয়েছে ৮.২৬ শতাংশে। এদিকে মূল্যস্ফীতি বাড়লেও একই সময়ে সাধারণ মানুষের মজুরি বৃদ্ধির হার কমেছে। সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিলো ৭.৯০ শতাংশ, যা আগস্টে ছিলো ৮.০৫ শতাংশ।
খাতভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি বৃদ্ধি পেয়েছে ৭.৮৯ শতাংশ, শিল্প খাতে ৭.৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮.০৭ শতাংশ। দেশের ৬৪ জেলার ১৪৩টি হাটবাজার থেকে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এই ভোক্তা মূল্য সূচক তৈরি করেছে বিবিএস।
//আইই//
