৩,০০০ ডলার পর্যন্ত বিদেশগামী যাত্রীদের কাছে বিক্রির অনুমতি বাংলাদেশ ব্যাংকের
লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের নগদ মার্কিন ডলার নোট ও কয়েন বিক্রির সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় বাংলাদেশী নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে একবারে সর্বোচ্চ ৩,০০০ মার্কিন ডলার সমপরিমাণ নোট ও কয়েন বিক্রির অনুমতি দেওয়া হয়েছে, যা আগের নিয়মে ছিল সর্বোচ্চ ২,০০০ ডলার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদেশে গমনকারী বাংলাদেশী নাগরিকদের বৈদেশিক মুদ্রার চাহিদা মেটানো সহজ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
একজন ভ্রমণকারীর জন্য প্রযোজ্য বার্ষিক ভ্রমণ কোটার বাকি অংশ—অন্যান্য অবাধে রূপান্তরযোগ্য বা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার নোট ও কয়েন আকারে পাওয়া সাপেক্ষে, এবং গ্রাহকের অবশিষ্ট কোটা বজায় থাকা সাপেক্ষে বিক্রি করা যাবে।
পুনঃনির্ধারিত এই সুবিধার ফলে, বিদেশগামী ভ্রমণকারীরা লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের কাছ থেকে নগদে বৈদেশিক মুদ্রা সংগ্রহের ক্ষেত্রে আরও বেশি স্বাচ্ছন্দ্য ও নমনীয়তা পাবেন বলে আশা করা হচ্ছে।
-কেআর
