ইরানের ওপর মার্কিন হামলার শঙ্কা: বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
সংগৃহীত ছবি
ইরানের ওপর মার্কিন বাহিনীর সম্ভাব্য সামরিক হামলার খবরের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হতে পারে, এমন উদ্বেগের কারণেই আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে বলে জানা গেছে।
বিবিসি'র প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ববাজারে তেলের প্রধান দু'টি মানদণ্ড ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই, উভয়ের দামই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় বাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক দিনের ব্যবধানে ৩ দশমিক ৫ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও প্রায় একই হারে বেড়ে প্রতি ব্যারেল ৯১ ডলারে ঠেকেছে।
এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এক প্রতিবেদনে জানিয়েছিলো, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করতে সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) নির্দেশ দিয়েছে পেন্টাগন। এই খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দেয়।
বাজার বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলের চালান স্বাভাবিক থাকায় বিগত কয়েক দিন ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল প্রায় ১০০ ডলারের কাছাকাছি স্থিতিশীল ছিলো। তবে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের ঝুঁকিতে সেই স্থিতিশীলতায় ছন্দপতন ঘটলো।
//আইই//
