দুর্গাপূজায় টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে টানা তিন দিন ছুটি থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলো সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত সার্কুলার জারি করে।
সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটির পাশাপাশি ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটিতেও বন্দর ও কাস্টমস এলাকাসংলগ্ন ব্যাংকের শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখতে হবে।
এই জন্য স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
/শান্ত/
