সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমছে না
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফায় হেয়ারকাট বা নির্দিষ্ট হারে মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতকারীদের মুনাফা ৪ শতাংশে সীমাবদ্ধ না রেখে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তিগত বা অপ্রাতিষ্ঠানিক মেয়াদি ও কিস্তিভিত্তিক আমানতের হিসাব পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে ওই সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার বিবেচনায় নিতে হবে।
এছাড়া ২০২৫ সালের ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী সময়ের আমানতের ক্ষেত্রেও পুনর্নির্ধারিত মুনাফার হার কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং মুনাফা সমন্বয়ের বাস্তব জটিলতা বিবেচনায় নিয়ে আগের হেয়ারকাটসংক্রান্ত নির্দেশনা পুনর্বিবেচনা করা হয়েছে।
/শান্ত/
