বিদ্যুৎ-গ্যাস সংকটে বন্ধের পথে ১২০০ বেকারি
বিদ্যুৎ-গ্যাস সংকট ও কাঁচামালের মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছে দেশের হস্তচালিত বেকারি শিল্প। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় আয়-ব্যয়ের হিসাব মেলাতে না পেরে অন্তত ১ হাজার ২০০ বেকারি বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।
তাদের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে বেকারি পণ্যের প্রধান কাঁচামালের দাম ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্যাস ও বিদ্যুতের সংকট। অনেক কারখানায় ২৪ ঘণ্টার মধ্যে তিন ঘণ্টাও গ্যাসের চাপ থাকে না। লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎনির্ভর উৎপাদনও ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেকে বাড়তি খরচে সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন।
বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজু বলেন, উৎপাদন কমলেও শ্রমিকের বেতন, কারখানা ভাড়া ও অন্যান্য খরচ কমেনি। ফলে অনেক উদ্যোক্তা লোকসান ও ঋণের চাপে পড়েছেন।
পরিস্থিতি সামাল দিতে শনিবার থেকে বেকারি পণ্যের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পণ্যের দাম গড়ে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ৫০ টাকার পাউরুটি ৬০ টাকা এবং ১০ টাকার বনরুটি ১৫ টাকায় বিক্রি হতে পারে। তবে কিছু ক্ষেত্রে দাম না বাড়িয়ে পণ্যের আকার ছোট করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
/শান্ত/
