নতুন বেতন কাঠামোয় এমপিও শিক্ষকদের কী হবে?
নতুন জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে নতুন বেতন কাঠামোর সঙ্গে তাদের বেতন-ভাতা কীভাবে সমন্বয় হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাও হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি হয়। এতে চলতি বছরের ১ জুলাই থেকে বর্ধিত বেতনের একটি অংশ এবং ২০২৭ সালের জুলাই থেকে শতভাগ বর্ধিত বেতন দেওয়ার কথা বলা হয়েছে।
তবে প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সমন্বয়ের কোনো নির্দেশনা নেই।
ব্যানবেইসের তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় ৩ লাখ ৯৮ হাজার, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের পাশাপাশি মাসে ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আন্দোলনের পর বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে, যা দুই ধাপে কার্যকর করা হয়েছে।
এখন নতুন পে স্কেলের সঙ্গে তাদের বেতন ও অন্যান্য ভাতা কীভাবে সমন্বয় হবে, তা পৃথক প্রজ্ঞাপন জারির পরই স্পষ্ট হবে।
/শান্ত/
