ভিসি বহালের আন্দোলন
শিক্ষার্থীদের শাটডাউনে অচল চুয়েট
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শুরু হওয়া আন্দোলন গড়িয়েছে মঙ্গলবারও। সকালে চুয়েটের মূল ফটক ভেতর থেকে বন্ধ করে সেখানে অবস্থান নিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে একই দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্ধন করছে শিক্ষক সমিতি।
২৭ জুলাই চুয়েটের উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় সোমবার তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সরকারের এই সিদ্ধান্ত জানতে পেরে সোমবার রাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। আগের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার রাতে ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। হল থেকে বেরিয়ে এসে মিছিলে অংশ নেন ছাত্রীরাও। রাত ১২টার দিকে তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন।
// ইমরান//
