ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ’সময় দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ত্রিমোহনী বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।
কৃষি বিভাগ জানায়, ত্রিমোহনী বাজারের রোহান ট্রেডার্সে ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। দোকানে থাকা সার পরীক্ষা করে মানহীনতা ও প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ২৫ বস্তা ভেজাল সার ধ্বংস করা হয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, সারের সংকটকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা ভেজাল ও নকল সার বিক্রি করছেন। এসব সার ব্যবহারে ফসলের ক্ষতির পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মীর রাকিবুল ইসলাম জানান, নকল ও ভেজাল সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
// ইমরান//
