চুয়েটের নতুন ভিসিকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। টানা শাটডাউনে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্ম হয়ে কর্মসূচিতে যুক্ত হয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগ প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে প্রতিবাদী গ্রাফিতি ও দেয়াল লিখন করেন তারা। পরে লাল কার্ড হাতে মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন।
এর আগে ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। ২৭ জুলাই দায়িত্ব নেওয়া অধ্যাপক সায়েমকে মাত্র ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়ার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ না থাকায় প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
/শান্ত/
