ষষ্ঠ শ্রেণিতে যোগ হচ্ছে নতুন ৪ বিষয়: শিক্ষামন্ত্রী
সংগৃহীত ছবি
আগামী ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন ৪টি বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "আমরা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক মানে এবং সময়োপযোগী হিসেবে গড়ে তুলতে চাই। কারিগরি নির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই। আগামীতে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি বিষয় যুক্ত করা হবে।"
পরবর্তী সময়ের পরিকল্পনার বিষয়ে তিনি জানান, ২০২৮ সাল থেকেও প্রয়োজন অনুযায়ী শিক্ষাক্রমে পরিমার্জন ও পরিবর্তন আনা হয়েছে। সেসময় শিখন চাহিদার ভিত্তিতে নতুন বই যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। দেশজুড়ে সবক'টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এই ক্রীড়া আসরে অংশ নিচ্ছে।
//আইই//
