বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কঠিন শর্ত যুক্তরাষ্ট্রের
প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬, ১২:২৭:৪৪
বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ব্যবহারিক প্রশিক্ষণের অনুমোদনে কড়াকড়ি বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নতুন করে নির্দেশনা জারি করা হয়েছে। নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে বিদেশি শিক্ষার্থী ভর্তির জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সরকারি সার্টিফিকেশন হারানোর ঝুঁকি রয়েছে। শনিবার (২৯ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২৪ আগস্ট জারি করা এক সরকারি মেমোতে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর অধীন স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) জানিয়েছে, কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (সিপিটি) অনুমোদনের ক্ষেত্রে নিয়মের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। মেমোতে বলা হয়েছে, সিপিটি অবশ্যই শিক্ষার্থীর নির্ধারিত পাঠ্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হতে হবে।
মেমোতে সতর্ক করে বলা হয়েছে, এসইভিপির বিধিবিধান অনুসরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থী ভর্তির জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন হারাতে পারে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সিপিটি আবেদন পর্যালোচনায় আরও সতর্ক হচ্ছে।
নতুন নির্দেশনার ফলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগের ওপর বাড়তি নজরদারি তৈরি হয়েছে। বিশেষ করে যেসব কাজ সরাসরি ডিগ্রি বা পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত নয়, সেসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর অনুমোদন আরও কঠোর হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে পড়াশোনার পাশাপাশি কাজ ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
