নতুন পেশায় হাসান মাসুদ
অভিনয় থেকে এবার করপোরেট দুনিয়ায় নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা হাসান মাসুদ। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষার্থী পরামর্শক প্রতিষ্ঠান জেইন গ্লোবালে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন তিনি।
গত ১ সেপ্টেম্বর থেকে নতুন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন এই অভিনেতা। শিক্ষার্থীসেবা, ব্র্যান্ডিং ও যোগাযোগ কার্যক্রম নিয়ে কাজ করবেন তিনি। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে জেইন গ্লোবাল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, হাসান মাসুদের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ এবং সেবার মান আরও উন্নত করতে চায় তারা।
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন হাসান মাসুদ। পরে সাংবাদিকতায় যুক্ত হন। এরপর অভিনয়ে এসে নাটক, বিজ্ঞাপন ও টেলিভিশন অনুষ্ঠানে পরিচিতি পান। লেখালেখি ও পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
তবে গত কয়েক বছর ধরে অভিনয়ে আগের মতো নিয়মিত ছিলেন না হাসান মাসুদ। এবার পেশাজীবনে নতুন পথ বেছে নিলেও অভিনয় থেকে পুরোপুরি সরে যাচ্ছেন কি না, তা নিয়ে তিনি কিছু জানাননি।
/শান্ত/
