মা হারলেন রানি মুখার্জি
বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা ও প্লেব্যাক গায়িকা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়। ম্ত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে শোকের সময়ে সবার ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে পরিবারের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর অনুরোধ করা হয়েছে।
প্লেব্যাক গায়িকা হিসেবে কৃষ্ণা মুখার্জি ১৯৮২ সালের ‘তিসরি আঁখ’ সিনেমার ‘ঈদের দিন গলে মিল লে রাজা’ গানটির মাধ্যমে পরিচিতি পান। মেয়ে রানি মুখার্জির অভিনয়জীবনের শুরুতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।
২০২৫ সালের এক সাক্ষাৎকারে রানি জানিয়েছিলেন, অভিনয়ে আসার বিষয়ে তার মা তাকে উৎসাহ দিয়েছিলেন। তবে প্রথম অভিনয় পরীক্ষার পর কৃষ্ণার মনে হয়েছিলো, তখনও রানি সিনেমার জন্য পুরোপুরি প্রস্তুত নন। পরে প্রযোজকের আগ্রহে ‘রাজা কি আয়েগি বারাত’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রানির।
পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ার পরও বিভিন্ন সাক্ষাৎকারে মায়ের পরামর্শ ও উৎসাহের কথা স্মরণ করেছেন রানি।
/শান্ত/
