না ফেরার দেশে ‘ওয়েলকাম’খ্যাত মুশতাক খান
হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পাওয়া বলিউড অভিনেতা মুশতাক খান মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ৫৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন আগে মুশতাক খানের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠলেও আট দিন আগে আবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা জানান, এই সময় ক্যান্সার শেষ পর্যায়ে পৌঁছেছিলো।
১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুস্সা কিঁউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় মুশতাকের। চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ‘আশিকি’, ‘হম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘হেরা ফেরি’, ‘ওয়েলকাম’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ওয়ান্টেড’, ‘ওহ মাই গড!’, ‘স্ত্রী’, ‘গদর ২’ ও ‘স্ত্রী ২’-সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে স্মরণ করে শোক প্রকাশ করেছেন।
/শান্ত/
