কেন পাকিস্তানের কাছে ব্যাখ্যা চাইলেন নায়ক সোহেল
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি বহনকারী ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছাতে পারেনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান হাইকমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছেন চিত্রনায়ক সোহেল রানা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি পাকিস্তান হাইকমিশনের উদ্দেশে লেখেন, রূপপুরের ইউরেনিয়াম বহনকারী রুশ বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার খবরের সত্যতা জানতে চান তিনি। একই পোস্টে এই বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে বাংলাদেশের প্রতিক্রিয়া সুখকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, ইউরেনিয়াম বহনকারী কার্গো বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিলো। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়নি। কেন পাকিস্তান অনুমতি দেয়নি, তার সঠিক কারণ এখনো জানা যায়নি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছেন, বিমানবন্দরে চালান গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন ছিলো। পরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের সমন্বয় কর্মকর্তার কাছ থেকে আকাশসীমার অনুমতি না পাওয়ার বিষয়টি জানানো হয়।
এদিকে রাশিয়া অক্টোবরের প্রথম সপ্তাহে নতুন করে ইউরেনিয়ামের চালান পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
/শান্ত/
