মদ্যপ পরিচালকের হেনস্তার শিকার স্বরা ভাস্কর
সংগৃহীত ছবি
বলিউডের পরিচিত অভিনেত্রী স্বরা ভাস্কর তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের এক ভয়াবহ ও অস্বস্তিকর হেনস্তার অভিজ্ঞতা প্রকাশ করেছেন। ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর এক নামী পরিচালকের কাস্টিং কাউচের মুখোমুখি হতে হয়েছিলো তাঁকে। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে তিনি এই বিস্ফোরক তথ্য জানান।
রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল সিজন ২’-এর মঞ্চে সহ-প্রতিযোগীদের সঙ্গে আলাপকালে স্বরা ভাস্কর এই ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, একটি সিনেমার শুটিং চলার সময় ওই পরিচালক তাঁকে একা রোমান্টিক দৃশ্যের মহড়া করার প্রস্তাব দেন। অন্য কলাকুশলীদের ডাকার কথা বললে পরিচালক তা এড়িয়ে যান। পরে স্বরা সেই ঘরে গিয়ে দেখেন, পরিচালক ও চিত্রগ্রাহক দু'জনেই মদ্যপান করছেন।
সেই অস্বস্তিকর মুহূর্তের কথা মনে করে স্বরা বলেন, "ভাবতে পারেন, বিশের কোঠার একটা তরুণী মেয়েকে দু'টো মদ্যপ পুরুষের সামনে বসে রোমান্টিক দৃশ্যের মহড়া দিতে বলা হচ্ছে? আমি কোনোমতে কথা শেষ করে সেখান থেকে এক প্রকার পালিয়ে বাঁচি।"
তবে হেনস্তা সেখানেই শেষ হয়নি। স্বরা জানান, ওই দিন মাঝরাতে পুরোপুরি মাতাল অবস্থায় তাঁর হোটেলের ঘরের দরজায় কড়া নাড়েন সেই পরিচালক। দরজা খোলার পর তিনি স্বরাকে জড়িয়ে ধরার অনুমতি চান।
ভয়ে শিউরে উঠে স্বরা সরাসরি তাঁকে না করে দিয়ে বলেন, "না স্যার। একদম না। আপনি কেন আমাকে জড়িয়ে ধরবেন? আমার খুব ভয় করছে, দয়া করে এখান থেকে চলে যান।" স্বরা আরও জানান, এরপরও সেই পরিচালক তাঁকে নিয়মিত কবিতা ও বার্তা পাঠাতেন এবং বলতেন যে, একজন পরিচালকের উচিত তাঁর অভিনেত্রীকে ভালোবাসা।
স্বরা ভাস্কর বর্তমানে ‘রাইজ অ্যান্ড ফল ২’ নামের বিশেষ তারকাভিত্তিক রিয়েলিটি শো-তে অংশ নিচ্ছেন। এই শোতে তাঁর সঙ্গে আরও রয়েছেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরী ও তেজ প্রতাপ যাদব।
//আইই//
