কলাম্বিয়া ইউনিভার্সিটিতে গবেষক পদে যোগ দিলেন মিথিলা
জনপ্রিয় অভিনয়শিল্পী ও উন্নয়ন কর্মী রাফিয়াত রশিদ মিথিলা যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত কলাম্বিয়া ইউনিভার্সিটিতে নতুন গবেষক হিসেবে কাজ শুরু করেছেন। দীর্ঘ ১৫ বছর ব্র্যাক ইন্টারন্যাশনালের বৈশ্বিক পদের দায়িত্ব পালনের পর সেই চাকরি ছেড়ে তিনি বিখ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে কর্মজীবনের নতুন এই অর্জনের তথ্য সামনে এনেছেন তিনি।
কলাম্বিয়া ইউনিভার্সিটির স্বনামধন্য ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ পদে নিয়োগ পেয়েছেন মিথিলা। নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিকল্পনা তৈরি ও পর্যালোচনার মূল দায়িত্বে থাকছেন তিনি।
কাজের ক্ষেত্র নিয়ে তিনি বলেন, "প্রজেক্টটি প্রাথমিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে, যেখানে জন্ম থেকে ৫ বছর বয়সী শিশুদের পরিবারগুলোকে তাদের সুস্থ ও সুন্দর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পরিবেশ ও বৈশ্বিক সুবিধাগুলোর সঙ্গে যুক্ত করা হয়।" মিথিলার বিশ্বাস, ব্র্যাকে দুই দশক ধরে কাজ করার অভিজ্ঞতাই এই বৈশ্বিক গবেষণা উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে।
গবেষক পরিচয়ের পাশাপাশি নতুন একটি অর্জনের কথা উল্লেখ করেন এই তারকা। তিনি নিউইয়র্কের ‘সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক’-এ খণ্ডকালীন সহকারী অধ্যাপক বা ‘অ্যাডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে ক্লাস নেওয়া শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়টিতে তিনি শিক্ষার্থীদের ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়টির ওপর পাঠদান করছেন, যেখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি এনজিও বা অলাভজনক বিভিন্ন প্রতিষ্ঠানের বাস্তব কার্যক্রমের পরিচিতি তুলে ধরবেন তিনি।
//আইই//
