পাকিস্তানি নায়িকা নিয়ে শাকিবের ‘মহব্বত’
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ এর পর শাকিব খানকে নিয়ে আবারও সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা হিমেল আশরাফ। তাদের নতুন সিনেমার নাম ‘মহব্বত’। ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।
এই ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শাকিব খানের বিপরীতে নায়িকা কে থাকছেন, তা নিয়ে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘মহব্বত’–এর নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর–ই–ফিশানের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলে জানা গেছে। পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কার সঙ্গে চুক্তি হচ্ছে, তা এখনো চূড়ান্ত হয়নি।
পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান জানিয়েছেন, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে। ফলে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে কে শেষ পর্যন্ত শাকিব খানের বিপরীতে নায়িকা হবেন, তা জানতে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হচ্ছে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘মহব্বত’–এর শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। পরিকল্পনা অনুযায়ী শুটিং শেষ করে ২০২৭ সালের মে মাসে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
শাকিব খান–হিমেল আশরাফ–আরশাদ আদনান ত্রয়ীর সিনেমায় এর আগেও ভিনদেশি অভিনয়শিল্পীদের দেখা গেছে। তাদের প্রথম সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার সিরিয়ালের অভিনয়শিল্পী ইধিকা পাল। এই ত্রয়ীর দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’–এ শাকিবের বিপরীতে অভিনয় করেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনয়শিল্পী কোর্টনি কফি। তাই ‘মহব্বত’–এও ভিনদেশি কোনো অভিনয়শিল্পীকে শাকিবের বিপরীতে দেখা গেলে সেটি হবে আগের দুই সিনেমার ধারাবাহিকতা।
// ইমরান//
