রুনা লায়লার মৃত্যুর গুজবে ক্ষুব্ধ কন্যা
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। এমন খবর ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পীর একমাত্র মেয়ে তানি লায়লা।
সামাজিক মাধ্যমে তানি লায়লা লেখেন, আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। তিনি মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই। এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে তথ্য যাচাই করুন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।
তিনি আরও জানান, সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এই ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছি। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব, একটা একটা করে, যতক্ষণ না এসব লোক তাদের এই বাজে কাজ বন্ধ করে।
//ইমরান//
