এখনো অস্কারের জন্য জমা পড়েনি কোনো সিনেমা
অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের সিনেমা পাঠানোর সময়সীমা শেষ হতে আর মাত্র চার দিন বাকি। অথচ শনিবার পর্যন্ত বাংলাদেশ অস্কার কমিটির কাছে কোনো সিনেমা জমা পড়েনি। তবে শেষ সময়ে একাধিক সিনেমা জমা পড়তে পারে বলে জানিয়েছে কমিটি।
কমিটির সাবমিশন কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ জানান, কয়েকটি সিনেমার টিম ইতোমধ্যে যোগাযোগ করেছে এবং জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে তাদের জানানো হয়েছে। এর মধ্যে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ সিনেমার টিম অস্কারে সিনেমাটি পাঠাতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি।
আলোচনায় রয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমার নামও। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি জমা দিতে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যোগাযোগ করা হয়েছে বলে জানান মারুফ।
অস্কারে বাংলাদেশি সিনেমা জমা দেওয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর রাত ১২টা। এরপর জমা পড়া সিনেমাগুলো থেকে নির্বাচিত চলচ্চিত্রের নাম ২৭ সেপ্টেম্বর ঢাকার একটি হোটেলে জানানো হবে।
/শান্ত/
