অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়লো যে ৫ সিনেমা
৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পাঁচটি সিনেমা জমা পড়েছে। এগুলোর মধ্য থেকে একটি সিনেমা চূড়ান্ত করে অস্কারে পাঠাবে বাংলাদেশ অস্কার কমিটি।
জমা পড়া সিনেমাগুলো হলো- রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’।
অস্কারে বাংলাদেশের সিনেমা পাঠানোর জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি। কমিটির অনুমোদন দিয়েছে অস্কার কর্তৃপক্ষ।
কমিটির সদস্যরা নির্ধারিত প্রক্রিয়ায় পাঁচটি সিনেমা দেখে মূল্যায়ন করবেন। সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে একটি সিনেমা চূড়ান্ত করা হবে।
আগামী ২৭ সেপ্টেম্বর অস্কারে বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচিত সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
/শান্ত/
