একদিন কিছু না করে কাটালে কি সত্যিই কমে যায় বার্নআউট?
সকাল থেকে রাত পর্যন্ত কাজ, ফোনে একের পর এক মেসেজ, ই-মেইল আর দায়িত্বের চাপ। এর মাঝেই যদি একদিন সবকিছু বন্ধ করে কিছুই না করেন? ঘুমাবেন, সিরিজ দেখবেন, হাঁটবেন কিংবা শুধু নিজের মতো করে সময় কাটাবেন। শুনতে অলসতা মনে হলেও, এমন বিরতিই হতে পারে দীর্ঘদিনের ক্লান্তি থেকে নিজেকে সামলে নেওয়ার একটি উপায়।
জেন-জি ও মিলেনিয়ালদের মধ্যে জনপ্রিয় হচ্ছে ‘স্লো লিভিং’। ক্যারিয়ারের পাশাপাশি নিজের সময়, শখ, আবেগ ও সম্পর্ককেও গুরুত্ব দিচ্ছেন অনেকে। অর্থাৎ কাজের ফাঁকে বিশ্রামকেও জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন তারা।
ইংরেজ লেখক, পডকাস্টার ও উদ্যোক্তা এমা গ্যানন ২০২২ সালে টানা কাজ করতে করতে বার্নআউটের শিকার হয়েছিলেন। এরপর টানা এক বছর ছুটি কাটান তিনি। ‘আ ইয়ার অব নাথিং’ বইয়ে সেই অভিজ্ঞতার কথা লিখেছেন এমা।
তাঁর ভাষায়, ‘আমাদের শরীর ও মন তৈরিই হয়েছে একটু জিরিয়ে নেওয়ার জন্য, পার্কে হাঁটার জন্য। স্বাস্থ্যের চেয়ে দামি আর কিছু নেই।’
তবে সবার পক্ষে এক বছর ছুটি নেওয়া সম্ভব নয়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, বার্নআউটের পর্যায়ে যাওয়ার আগেই নিজেকে সময় দিন। সম্ভব হলে একদিন ছুটি নিয়ে কাজ থেকে পুরোপুরি দূরে থাকুন।
কারণ প্রতিদিন কাজ করার মতোই, মাঝে মাঝে থেমে যাওয়াটাও জরুরি।
//আরএস//
