ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ
দীর্ঘদিনের সরকারবিরোধী আন্দোলনের মধ্যে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচ পদত্যাগ করেছেন। ২৭ সেপ্টেম্বর পদত্যাগের পর আগামী ২৫ অক্টোবরের আগাম সংসদ নির্বাচনে ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) হয়ে প্রধানমন্ত্রী পদে লড়বেন তিনি।
নভেম্বর ২০২৪ সালে নোভি সাদ রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর ভুচিচ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন পরে দুর্নীতি, জবাবদিহি ও আগাম নির্বাচনের দাবিতে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সরকার-সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যেও আন্দোলন অব্যাহত থাকে।
চলতি সেপ্টেম্বরেই ভুচিচ আগাম সংসদ নির্বাচনের ঘোষণা দেন। ২৫ অক্টোবরের ভোটে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন ‘স্টুডেন্টস উইন’ তালিকাও প্রতিদ্বন্দ্বিতা করছে। আন্দোলনকারীদের অভিযোগ, নোভি সাদ স্টেশন দুর্ঘটনা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনিয়ম ও জবাবদিহির ঘাটতির প্রতিফলন। ভুচিচ ও তার মিত্ররা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
পদত্যাগের পর সংসদের স্পিকার আনা ব্রনাবিচ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। ভুচিচের পদত্যাগের পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়াও শুরু হবে।
ভুচিচ ২০১৪ সালে প্রধানমন্ত্রী এবং ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি সার্বিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পক্ষে অবস্থান জানালেও রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।
পদত্যাগের আগে ভুচিচ ৪৯ জনকে ক্ষমা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৩ জন গত দেড় বছরের বিভিন্ন ঘটনাপ্রবাহের সঙ্গে যুক্ত ছিলেন।
/শান্ত/
