মাহাথির মোহাম্মদের স্ত্রী মারা গেছেন
সংগৃহীত ছবি
শত বছর বয়সে বিদায় নিলেন মালয়েশিয়ার সাবেক ফার্স্ট লেডি ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী। কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার (২৮ সেপ্টেম্বর) তাঁর পরিবারের বরাত দিয়ে মৃত্যুর খবর নিশ্চিত করে বিভিন্ন সংবাদমাধ্যম।
সিতি হাসমাহর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, সাবেক এই ফার্স্ট লেডিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে। এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, "দেশবাসী তাঁর মাতৃসুলভ ভূমিকা ও অবদানের কথা সবসময় স্মরণ করবে।" মালয়েশিয়ায় তিনি ‘ইবু নেগারা’ বা ‘জাতির মা’ হিসেবে অত্যন্ত পরিচিত ছিলেন। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও নারীর ক্ষমতায়নে তাঁর আজীবন অবদান রয়েছে।
চিকিৎসক হিসেবেও মালয়েশিয়ায় তাঁর বিশেষ খ্যাতি ছিলো। ১৯৫৫ সালে সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিন থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন তিনি। সেখানে পড়ার সময়ই মাহাথিরের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিলো। ১৯৫৬ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ৭ সন্তান রয়েছে। ১৯৭৪ সালে মাতৃ ও শিশুস্বাস্থ্য বিভাগের দায়িত্ব নিয়ে দেশটির প্রথম নারী স্টেট মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।
১৯৮১ সালে মাহাথির মোহাম্মদ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর সিতি হাসমাহ দেশজুড়ে সমাদৃত হন। স্বামীর দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও তিনি নিজের কাজের মাধ্যমে একটি স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছিলেন। ২০১৬ সালে প্রকাশিত স্মৃতিকথায় তিনি মাহাথির মোহাম্মদকে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছিলেন। তাঁর এই চলে যাওয়ায় মালয়েশিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
//আইই//
