মদিনায় ড্রোন হামলার অভিযোগ, হুথিদের পাল্টা দাবি
সংগৃহীত ছবি
সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববির একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের তোলা এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি।
সৌদি জোটের দাবি অনুযায়ী, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মদিনার ওই বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়। এতে একটি ট্রান্সফরমার অচল হয়ে পড়লেও মসজিদে নববি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হুথিরাই এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে বলে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন জোটের কর্মকর্তারা।
তবে এই দাবি 'মিথ্যা' বলে জানিয়েছে হুথি সামরিক বাহিনীর একটি সূত্র। সাবা নিউজ এজেন্সিকে সূত্রটি বলেছে, "তারা হুথিদের বিরুদ্ধে পবিত্র মক্কা নগরীতে হামলাচেষ্টার অভিযোগও এনেছিলো। কিন্তু অভিযোগ প্রমাণ করতে পারেনি। আর এ ব্যর্থতা আড়াল করতেই নতুন করে মদিনায় হামলার অভিযোগ তুলেছে।" হুথিদের পক্ষ থেকে জানানো হয়, মক্কা বা ইসলামের কোনো পবিত্র স্থানে তারা কখনো হামলা চালানোর চেষ্টা করেনি।
এ ঘটনার পর ইয়েমেনের রাজধানী সানায় একাধিক সামরিক হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এছাড়া সৌদির খামিস মুশাইত শহরের দিকে আসা হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার কথা জানিয়েছে জোটটি।
//আইই//
