৬টির বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যোগ দিতে ৬টিরও বেশি দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। কোন কোন দেশ এই জোটে যোগ দিতে আগ্রহী, তা প্রকাশ করেননি তিনি। শুক্রবার (২ অক্টোবর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসহাক দার।
তিনি বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি মূলত আত্মরক্ষামূলক। এর কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই। চুক্তির আওতায় প্রথম বৈঠক গত ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। জোটটির সদর দপ্তর সৌদি আরবে স্থাপন করা হবে।
গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে সই করে। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। এই ব্যবস্থাকে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের সঙ্গে তুলনা করা হচ্ছে।
চুক্তির আওতায় সৌদি আরবের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনায় আগামী সপ্তাহে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান ইসহাক দার। তার দাবি, সৌদি আরব এরই মধ্যে ১৭ থেকে ১৮টি হামলার শিকার হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সৌদি আরবকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘ সনদ এই ধরনের জোটকে পদক্ষেপ নেওয়ার অনুমতি দেয় বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে ন্যাটোর উদাহরণ টানেন ইসহাক দার।
// ইমরান//
