কাশ্মীরে ১৫০ বাংলাদেশি আটক, পাঠানো হলো সীমান্তে
সংগৃহীত ছবি
অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের জম্মু ও কাশ্মীর থেকে আটক অন্তত ১৫০ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) আটককৃতদের ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকেই তাঁদের বাংলাদেশে পুশব্যাক করা হবে বলে জানা গেছে।
জম্মু ও কাশ্মীর পুলিশের সূত্র অনুযায়ী, কেন্দ্রশাসিত অঞ্চলটিতে অবৈধ অভিবাসী শনাক্ত করতে সম্প্রতি একটি বিশেষ অভিযান চালানো হচ্ছিলো। এই অভিযানের সময় বিভিন্ন এলাকা থেকে অন্তত ৫০০ জনকে আটক করে শ্রীনগর শহরের উপকণ্ঠে একটি আটককেন্দ্রে রাখা হয়। আটককৃতদের এই বড় দলটির অংশ ছিলেন এই ১৫০ জন বাংলাদেশি। বাকিদের মধ্যে মিয়ানমার থেকে আসা কিছু রোহিঙ্গা নাগরিকও রয়েছেন, যাদের ধাপে ধাপে ফেরত পাঠানো হবে।
সেখানকার এক পুলিশ কর্মকর্তা জানান, “এই মানুষগুলোর অনেকেই দীর্ঘদিন ধরে কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন। তারা মূলত ময়লা কুড়ানোর মতো ছোটখাটো বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন।” আটককৃত বাংলাদেশিদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হবে এবং আগামী ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
একটি উচ্চপর্যায়ের কমিটির তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীর অঞ্চলে ৭ হাজার ৬৫৬ জন রোহিঙ্গা এবং ৫০৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এর মধ্যে জম্মুতে ৬ হাজার ৭৩৭ জন রোহিঙ্গা ও ৪৬ জন বাংলাদেশি এবং বাকিরা কাশ্মীরে বসবাস করছেন। অবৈধ অভিবাসন ও এর ফলে সৃষ্ট জনমিতির পরিবর্তন খতিয়ে দেখতে এই কমিটি কাজ করছে।
//আইই//
