দিল্লিতে বিরোধী জোটের মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক
সংগৃহীত ছবি
ভারতে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শীর্ষ নেতাদের আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সংসদ ভবন এলাকা থেকে ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচি শুরু হওয়ার পর পার্লামেন্ট স্ট্রিটের কাছে ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেওয়া হয়।
মিছিলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বিরোধী জোটের বিভিন্ন দলের সংসদ সদস্যরা অংশ নেন। পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দিলে নেতারা নীতি আয়োগের কাছে রাস্তার ওপর অবস্থান-বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে রাহুল গান্ধী লোহার ব্যারিকেড টপকে হাতে জাতীয় পতাকা নেন। এরপর পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কাসহ কয়েকজন নেতাকে সাময়িকভাবে আটক করলেও কিছু সময় পর ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ডেরেক ও’ব্রায়েন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ বেশ কয়েকজন নেতাকে আটক করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ। এই সময় বিরোধী দলের নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নানা স্লোগান দেন। তাঁরা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।
ইন্ডিয়া জোটের অভিযোগ, ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর প্রক্রিয়ায় নানা অনিয়ম হচ্ছে। সংশোধনীর নামে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার হরণ করা হচ্ছে বলেও বিরোধীরা দাবি করেছেন। বিরোধী দলগুলোর এসব অভিযোগ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে দেশটির নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকার।
মিছিলে বাধা দেওয়া প্রসঙ্গে দিল্লি পুলিশ জানায়, মঙ্গলবারের এই বিক্ষোভ কর্মসূচির জন্য বিরোধী জোটের পক্ষ থেকে কোনো অনুমতি নেওয়া ছিলো না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই মিছিলের পথ আটকে দেওয়া হয়েছিলো।
//আইই//
