থাইল্যান্ড ভ্রমণে গুণতে হতে পারে বাড়তি ফি, আসছে নতুন নিয়ম
সংগৃহীত ছবি
থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের জন্য ৪৫০ বাতের একটি নতুন ফি চালুর পরিকল্পনা করা হচ্ছে। এই প্রস্তাবের ওপর আয়োজিত এক অনলাইন মতামত জরিপে অংশ নেওয়া ৮০ দশমিক ৫০ শতাংশ মানুষই এর পক্ষে সায় দিয়েছেন। দেশটির পর্যটন খাতের উন্নয়ন ও পর্যটকদের জন্য বীমা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই মূলত এই ফি নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত এই ফি আদায়ের বিষয়টি এখন থাইল্যান্ডের জাতীয় পর্যটন নীতি কমিটি এবং মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই নিয়ম চালু হলে খাতটি থেকে বছরে ৮০০ কোটি বাতেরও বেশি অর্থ সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্যাংককভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এই তথ্য জানিয়েছে।
গত ৬ অক্টোবর ব্যাংককে এই ফি চালুর বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সুরাসাক পানচারোয়েনওরাকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে এই প্রস্তাবের প্রতি সমর্থন জানান। নতুন এই নিয়ম কার্যকর করা হলে শুরুতে কেবল বিমানপথে আসা বিদেশি পর্যটকদের এই ফি দিতে হবে। স্থল ও জলপথে আসা পর্যটকদের ক্ষেত্রে এই নিয়ম এক বছর স্থগিত রাখা হবে।
সংগৃহীত এই অর্থ থাইল্যান্ডের পর্যটন উন্নয়ন তহবিলে জমা দেওয়া হবে। এই অর্থের একটি অংশ পর্যটকদের বীমার কাজে এবং বাকি অংশ পর্যটন কেন্দ্রগুলোর সংস্কার, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পর্যটন খাতের প্রসারে খরচ করা হবে। মন্ত্রী সুরাসাক পানচারোয়েনওরাকুল জানান, এই তহবিলের মাধ্যমে পর্যটন কেন্দ্র ও স্থানীয় বাসিন্দারা বার্ষিক সরকারি বাজেটের ওপর পুরোপুরি নির্ভর না করেই প্রয়োজনীয় সহায়তা পাবেন।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডে ২ কোটি ২০ লাখের বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। এতে দেশটির আয় হয়েছে ১ ট্রিলিয়ন বাতেরও বেশি।
//আইই//
