দিল্লির বিক্ষোভ দমন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি আজ
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। শনিবার ব্যাপক ধরপাকড়ের পরও আন্দোলন থেকে সরে আসতে রাজি নন দলটির নেতাকর্মীরা। রবিবার (১১ অক্টোবর) আবারও যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। পরিস্থিতি বিবেচনায় রাজধানীর অন্তত ৩০টি স্থানে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ।
সিজেপি জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে দিল্লির বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে দেওয়া হবে। রবিবার সকাল ৬টা থেকে পরিস্থিতি অনুযায়ী যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। কনট প্লেস, মণ্ডি হাউস, যন্তর মন্তর রোড, প্যাটেল চক, রেল ভবন ও আরএমএল হাসপাতালসংলগ্ন এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এই কারণে রেলস্টেশন, বাস টার্মিনাস ও বিমানবন্দরে যেতে আগেভাগে বের হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।
এদিকে বিক্ষোভ ঘিরে ধরপাকড় এবং গণপরিবহণে বিধিনিষেধের অভিযোগে রবিবার বিশেষ শুনানি করবেন ভারতের সুপ্রিম কোর্ট। শনিবারের বিক্ষোভে বিরোধী নেতানেত্রী, আইনজীবী ও সাংবাদিকদের আটকের পাশাপাশি মেট্রো ও ট্রেন চলাচল নিয়ন্ত্রণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা।
/শান্ত/
