সুদান সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় নিহত ৭২
সুদানের উত্তরাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় একটি স্বর্ণখনিতে মিশরীয় সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৭২ জন শ্রমিক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) উত্তর সুদানের ওয়াদি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। রবিবার (১১ অক্টোবর) সুদানভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর প্রকাশিত কিছু ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে বহু মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। কয়েকটি মরদেহ কাফনে মোড়ানো অবস্থায়ও দেখা যায়। তবে এসব ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
চলতি বছর জাবাল আল-উকাইদাতের পার্বত্য স্বর্ণখনি এলাকায় এটি দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে গত জুনে একই এলাকায় হামলায় ২৩ জন শ্রমিক নিহত হয়েছিলেন। ওই হামলার জন্যও মিশরকে দায়ী করা হয়েছিল। সে সময় নিজেদের ভূখণ্ডে অবৈধভাবে স্বর্ণ উত্তোলন বন্ধ করতে তারা বড় ধরনের অভিযান চালিয়েছে বলে জানিয়েছিল মিশরের সামরিক বাহিনী।
সুদান ও মিশরের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্পদসমৃদ্ধ হালাইব ত্রিভুজ অঞ্চলটি নিজেদের ভূখণ্ড বলে দাবি করে দুই দেশই।
ইমার্জেন্সি লইয়ার্সের অভিযোগ, সীমান্তবর্তী স্বর্ণ ও খনিজসম্পদসমৃদ্ধ এলাকায় বারবার হামলার ঘটনা সুদানের প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর বিষয়ে মিশরীয় কর্তৃপক্ষের আগ্রহের প্রতিফলন। তবে এই অভিযোগের বিষয়ে মিশরের পক্ষ থেকে নতুন করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে যুদ্ধ চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ যুদ্ধে দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। দীর্ঘদিনের এ সংঘাতের কারণে দেশটিতে মানবিক সংকট তৈরি হয়েছে। ফলে জীবিকার তাগিদে অনেক মানুষ ঝুঁকি নিয়ে স্বর্ণখনিতে কাজ করতে বাধ্য হচ্ছেন।
সূত্র:রয়টার্স
/আকরাম/
