অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে
সহিংস উস্কানি ও সরকারবিরোধী চক্রান্তের অভিযোগে পল্লবী থানার মামলায় গ্রেফতার হওয়া অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এই আদেশ দেন।
আসামিরা হলেন, লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি'র সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১১ অক্টোবর রাতে রাজধানী পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আসামিরা পল্লবীর একটি বাসায় থেকে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক ডিজিটাল কনটেন্ট প্রচার করছিলেন। এছাড়া তাঁরা নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদসহ অন্যান্য শীর্ষ নেতাদের যোগসাজশে আওয়ামী লীগের পুনরুত্থান ও ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। তাঁরা ফেসবুক পেজের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে আসছিলেন বলেও অভিযোগে বলা হয়েছে।
শুনানিকালে আসামি পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
//আইই//
