অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে পার্সেলে পেলেন গোবর
অনলাইনে পছন্দের পণ্য অর্ডার করে পার্সেল হাতে পাওয়ার পর বাক্স খুলে চমকে গেলেন ভারতের এক বাসিন্দা। ১ হাজার ৯৯৯ রুপির অ্যান্ড্রয়েড ডিভাইসের বদলে পার্সেলের ভেতর পাওয়া গেলো গোবরের সার!
ঘটনাটি ঘটেছে ভারতের দানকৌর থানার এলাকার বাসিন্দা আকাশ নগরের সঙ্গে। কয়েক দিন আগে কাজের প্রয়োজনে একটি অনলাইন ওয়েবসাইট থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসটি অর্ডার করেন তিনি। অর্ডারের সময়ই অনলাইনে পুরো ১ হাজার ৯৯৯ রুপি পরিশোধ করেছিলেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুরিয়ারে পার্সেলটি বাড়িতে পৌঁছায়। অর্ডার করা পণ্য পাওয়ার আশায় বাক্স খুলতেই ডিভাইসের পরিবর্তে গোবরের সার ভর্তি একটি প্যাকেট দেখতে পান আকাশ।
ঘটনার পর স্থানীয় পুলিশের পাশাপাশি সাইবার ক্রাইম পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
আকাশ নগর বলেন, ‘আমি ১ হাজার ৯৯৯ রুপির একটি ডিভাইস অর্ডার করেছিলাম, কিন্তু তার বদলে গোবরের সার ভর্তি একটি প্যাকেট পেয়েছি।’
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ওয়েবসাইটটি বৈধ কি না, অনলাইনে অর্থ পরিশোধের তথ্য এবং কুরিয়ারের মাধ্যমে পার্সেলটি কীভাবে পাঠানো হয়েছে—এসব বিষয় যাচাই করা হচ্ছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অনলাইনে কেনাকাটার আগে বিক্রেতা ও ওয়েবসাইটের পরিচয় যাচাই করা জরুরি।
//রুশা//
