জাপানের সরকারি নেটওয়ার্কে সাইবার হামলা, ২ লাখ ৪৬ হাজার তথ্য ফাঁসের আশঙ্কা
জাপানের সরকারি নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনায় প্রায় ২ লাখ ৪৬ হাজার লোকের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেছেন দেশটির ডিজিটাল এজেন্সি। গত ২৫ জুন দেশটির গভর্নমেন্ট সল্যুশন সার্ভিস বা জিএসএসে হামলার এই ঘটনা ধরা পড়ে ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিজিটাল এজেন্সির তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত ৯ জুলাই তদন্তে নিশ্চিত হওয়া যায়, ভিপিএনের দুর্বলতার কারণে তৃতীয় পক্ষ এই অনুপ্রবেশ ঘটিয়েছে। একই দিন রক্ষণাবেক্ষণ অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়। পাশাপাশি যাতে আর কোনো অননুমোদিত প্রবেশ না ঘটে, সে জন্য নেটওয়ার্কের যন্ত্রগুলোর সঙ্গে বাইরের সিস্টেমগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বাইরের নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তায় আরও তদন্ত চালানোর পর জানা যায়, নেটওয়ার্কে থাকা কিছু ফাইল চুরি হয়ে থাকতে পারে।
এজেন্সি জানিয়েছে, ফাঁস হয়ে থাকতে পারে এমন তথ্যের মধ্যে ‘মাই নম্বর’ শনাক্তকারী, ব্যাংক হিসাব নম্বর বা পেনশন নম্বর ছিলো না। সাধারণ নাগরিকের কোনো ব্যক্তিগত তথ্য ফাঁস হয়নি বলেও আশ্বস্ত করেছে সংস্থাটি।
এজেন্সি সতর্ক করে আরও বলছে, যোগাযোগের তথ্য ব্যবহার করে পরিচয় জালিয়াতি বা ফিশিং হামলা চালানো হতে পারে। সরকারি প্রতিষ্ঠানের নামে পাঠানো সন্দেহজনক ই-মেইল, ফোনকল বা বার্তায় থাকা লিংকে বা অ্যাটাচমেন্টে ক্লিক না করতে এবং পাসওয়ার্ড, অথেন্টিকেশন কোড বা ক্রেডিট কার্ডের তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
// ইমরান//
