পাইপলাইনে হামলার পর বন্ধ সৌদি আরবের তেল সরবরাহ
হুতিদের হামলার পর লোহিত সাগর দিয়ে নিজেদের তেল পরিবহনের ইস্ট–ওয়েস্ট পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব। সৌদির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, হামলায় পাইপলাইনের বেশ ক্ষয়ক্ষতি হওয়ায় সেটি বন্ধ রাখা হয়েছে। মেরামতের আগে সেটি ফের চালু করা সম্ভব নয়।
আরব উপদ্বীপজুড়ে ১ হাজার ২০০ কিলোমিটার (৭৪৫ মাইল) দীর্ঘ ইস্ট–ওয়েস্ট পাইপলাইনটি সৌদি আরবকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জট এড়িয়ে তেল পরিবহনের সুযোগ করে দিয়েছিলো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে ট্যাংকার চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় পাইপলাইনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
বিশ্বের যেসব দেশের ভূখণ্ডে জ্বালানি তেলের মজুত সবচেয়ে বেশি, সৌদি আরব তাদের মধ্যে অন্যতম। বিশ্বের মোট জ্বালানি চাহিদার একটি বড় অংশ একসময় আসতো সৌদি থেকে। এখনও মোট বৈশ্বিক চাহিদার ৫ থেকে ৬ শতাংশ সরবরাহ করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশটি।
এমন সময়ে পাইপলাইনে এই হামলা করল হুতিরা, যখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় প্রায় প্রতিদিন বাড়ছে জ্বালানি তেলের দাম। বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।
// ইমরান//
